
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : কাঁথির সাংসদ শিশির অধিকারীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অথচ শিশিরের অভিযোগ, তিনি নিজেই সে কথা জানেন না। শনিবার সেই অ্যাকাউন্টের কথা জানা মাত্রই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে অভিযোগ জানালেন শিশির।
শনিবার সকালে কাঁথির সাংসদের বাসভবনে একটি চিঠি আসে। ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের মেচেদার মাছনা শাখা থেকে চিঠিটি পাঠানো হয় বলে অধিকারী পরিবার সূত্রে খবর। ওই চিঠি আসার পরেই তাঁর নামে অ্যাকাউন্ট খোলার বিষয়টি জানতে পারেন শিশির। আইনি পরামর্শ নিয়ে, দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অভিযোগপত্র পাঠানো হয় দ্রুত।
চিঠিতে সাংসদ লিখেছেন, তাঁর অনুমতি ছাড়াই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এবং এই বিষয়ে তিনি কিছুই জানেন না। অ্যাকাউন্টটি খুলতে কোনও তথ্য বা নথিও তিনি দেননি। কে বা কারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক অর্থমন্ত্রক, এমনই আবেদন জানিয়েছেন শিশির। তাঁর দাবি, ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এ সব করা হয়েছে।
প্রসঙ্গত, কাঁথির সাংসদ শিশির বর্তমানে অসুস্থ। বাড়িতেই থাকেন। অসুস্থতার কারণে সংসদের অধিবেশনও যোগ দিতে পারছেন না। তাই এই ঘটনায় তাঁর পরিবারের তরফেই যাবতীয় উদ্যোগ নিয়ে এ বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।
