
কলকাতা, ২২ এপ্রিল : ছুটির পর ফের স্কুল খোলার পথে হাঁটতে চলেছে বেশিরভাগ বেসরকারি স্কুল। অর্থাৎ, অনলাইন শেষে ফের সোমবার থেকে অফলাইনের ক্লাশ ফিরতে চলেছে। তবে, নির্দিষ্ট নির্দেশিকা না আসায় সরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এখনও স্পষ্ট করে জানাতে পারছে না। পড়ুয়ারাও কিছুটা ফাঁপড়ে। রেকর্ড ভাঙা গরমের কারণে পড়ুয়াদের কথা ভেবে কালিম্পং ও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা বাদ দিয়ো স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে গত সোমবার থেকে প্রাথমিকভাবে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি ক্ষেত্রেও প্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন করেন তিনি। তবে কিছু বেসরকারি স্কুল অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে। শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছিল, এক সপ্তাহ বা পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশের আগে পর্যন্ত এই ছুটি থাকবে।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, বিশেষ ছুটি বাড়ানো নিয়ে কোনও রকম আলোচনা হয়নি দফতরের অন্দরে। এই সংক্রান্ত নতুন কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই সোমবার থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যেতে পারে। বিকাশ ভবনের এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, এক সপ্তাহের সাময়িক ছুটির কারণে একাংশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি বলল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে স্কুলগুলিতে একাদশের প্র্যাকটিকাল বাতিল হয়েছে সেগুলিকে ২৪ থেকে ২৯ এপ্রিলের মধ্যে পরীক্ষা নিতে বলা হয়েছে। আবার ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হওয়ার কথা। তাই ছুটি বাড়ানো হলে পরীক্ষা কখন হবে। আর এই কারণেই সাময়িক ছুটি না বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলেই মত ওই আধিকারিকের।
রানি রাসমনি গ্রিন ইউনিভার্সিটির ডঃ উপাচার্য আশুতোষ ঘোষ, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র বেরা, আসানসোলের কাজী নজরুল ইউনিভার্সিটির উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ওমপ্রকাশ মিশ্র, বেসরকারি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য ডঃ ধ্রুবজ্যোতি ঘোষ শনিবার সকাল এই প্রতিবেদককে জানান, সোমবার থেকে অফলাইন ক্লাশ শুরু হবে। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মিতা ব্যানার্জী দুপুরে এই প্রতিবেদককে জানান, “হওয়ার কথা?। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ আশিস চট্টোপাধ্যায় সকাল পৌনে ১০টায় জানান, “হতে পারে”। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হেরিটেজ ইন্সটিট্যুট অফ টেকনোলজির অধ্যক্ষ, কল্যান ভারতী ট্রাস্টের (ছ’টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা) সিনিয়র ডিরেক্টর ডঃ বাসব চৌধুরী শনিবার সকাল সাড়ে সাতটায় এই প্রতিবেদককে জানান, কর্তৃপক্ষ এখনও কোনও নোটিশ জারি করেননি। ডিপিএস মেগাসিটি সোমবার থেকে শারীরিক ক্লাস পুনরায় শুরু করার জন্য শুক্রবার অভিভাবকদের একটি নোটিশ জারি করেছে। রামমোহন মিশন স্কুলও তাই। ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের ডিরেক্টর অমিতা প্রসাদ বলেন, "আমরা ব্যক্তিগত ক্লাস শুরু করতে আগ্রহী কারণ যোগব্যায়াম, মার্শাল আর্ট, শিল্প ও কারুশিল্পের মতো সমস্ত কার্যকলাপ ক্লাস বন্ধ হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু একটি শিশুর সামগ্রিক বিকাশের জন্য এই ক্লাসগুলি সমানভাবে প্রয়োজন।"
ফিউচার ফাউন্ডেশন স্কুলের অধ্যক্ষ রঞ্জন মিত্র বলেন, "ব্যক্তিগত ক্লাস সবসময় ছাত্রদের জন্য ভাল।
কিছু অভিভাবক তাদের জানিয়েছিলেন যে তাঁরা দুজনেই কাজ করছেন বলে তাঁদের বাচ্চাকে বাড়িতে রাখা কঠিন হয়ে পড়েছে।” লক্ষ্মীপত সিংহানিয়া একাডেমির পরিচালক মীনা কাক বলেছেন, "আমরা এবার অনলাইন ক্লাসের জন্য স্ক্রিন টাইম ৪০ মিনিট থেকে কমিয়ে ৩০ মিনিট করেছি এবং শিক্ষকদের ক্লাস চলাকালীন কিছু করার নির্দেশ দেওয়া হয়েছে।"
লেডি ব্রেবোর্ন কলেজে প্রয়োজন অনুযায়ী অনলাইন ক্লাস নেওয়া হয়েছে। সোমবার থেকে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে। কলেজিয়াম আসিস্ট্যান্ট হেডমাস্টাস ও অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেন্স-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, "নতুন করে বিজ্ঞপ্তি না বেরোলে সোমবারই স্কুল খুলবে।”
