
গঙ্গাসাগর, ২০ ডিসেম্বর : সাগরমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে পৌঁছলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি মঙ্গলবার বেলা দশটা নাগাদ কাকদ্বীপের লট নম্বর আট ঘাটে আসেন। এরপর মুড়িগঙ্গা নদীর পলি তোলার কাজের সর্বশেষ পরিস্থিতি জেনে নেন। পরে কচুবেড়িয়া হয়ে গঙ্গাসাগর মেলা মাঠে পৌঁছন। সাগরতটের ভাঙন রোধে টেট্রাপট পদ্ধতিতে বাঁধ তৈরীর কাজও তিনি পরিদর্শন করবেন। এছাড়া মেলার সামগ্রিক প্রস্তুতিও খতিয়ে দেখবেন মন্ত্রী।
বুধবার নবান্নে আসন্ন সাগরমেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ মেলার পরিকাঠামো ও পরিচালনার সঙ্গে যুক্ত সমস্ত দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের। এদিন সেচ মন্ত্রী জানান, আগামী ৫ জানুয়ারির মধ্যে লট নম্বর আট থেকে কচুবেড়িয়া ও নামখানা থেকে বেনুবন পয়েন্টে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ শেষ করা হবে। তবে আগামী ১০ জানুয়ারি মেলা শুরুর ঠিক আগে ২৬ ডিসেম্বর ও ৬ জানুয়ারি দুটি ভরা কোটালের জেরে সাগরতটে জলোচ্ছ্বাসের কথা মাথায় রেখে সেচ দফতর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
