
কলকাতা, ১৩ জানুয়ারি : কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট অব্যাহত রইল শুক্রবারেও। বিচারপতি মান্থার কাছে যাওয়া অধিকাংশ মামলার শুনানিতেই অনুপস্থিত ছিলেন সরকারি আইনজীবীরা। ফলে তাঁর এজলাসে থমকে যায় বিচারপ্রক্রিয়ার কাজ।
মান্থার এজলাসে বিক্ষোভ দেখানো আইনজীবীদের পাশে রাজ্যের বার কাউন্সিল না দাঁড়ালেও সরকারি আইনজীবীদের একাংশ ঘুরপথে এই বয়কট সমর্থন করছেন কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ। শুক্রবার বিচারপতি মান্থার এজলাস বয়কট নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “আমার উপর মামলায় হাজির না হওয়ার কোনও নির্দেশ নেই। ওই এজলাসে আমার যে সব মামলা রয়েছে, সেগুলিতে আমি অংশ নিচ্ছি। বাকি সরকারি আইনজীবীরা কেন যাচ্ছেন না, তা আমার পক্ষে বলা সম্ভব নয়।”
হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৬০০টিরও বেশি মামলার শুনানি রয়েছে বিচারপতি মান্থার এজলাসে। সকাল থেকে ৩৫টি মামলার অধিকাংশেরই শুনানির সময় উপস্থিত ছিলেন না সরকারি আইনজীবীরা। ফলে শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। কিছু মামলায় সরাসরি পুলিশের কাছ থেকে রিপোর্ট নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন বিচারপতি।
গত সোমবার থেকে ঘটনার সূত্রপাত। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন আইনজীবীদের একাংশ। পরে বিচারপতি মান্থার এজলাস বয়কটের প্রস্তাবও আনেন বার কাউন্সিলের কলকাতা শাখার সদস্যদের কয়েক জন। চলতে থাকে এজলাসের সামনে অবস্থান বিক্ষোভ। থমকে যায় বহু মামলার শুনানিও। এমনকি, হাই কোর্ট চত্বরে আইনজীবীদের দু’টি দলের মধ্যে হাতাহাতির ঘটনাও দেখা যায়।
