
কলকাতা, ২৯ এপ্রিল : আজ শনিবারও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও, রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। কিছু কিছু জেলায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে।
ঝড় বৃষ্টি হওয়ায় রাতের তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। বর্ধমানের একাধিক এলাকা ভোরে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি থাকবে সোমবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনে অস্বস্তি থাকবে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বেশিরভাগ জেলাতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলক বেশি হবে। রবিবার উত্তরবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির দাপট বাড়বে।
