
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খুব শীঘ্রই বদল হতে চলেছে রাজ্যের আবহাওয়া, আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর বিকেলেই শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে শহরের আকাশের চেহারায় বদল এসেছে চড়া রোদ উধাও হয়ে আনাগোনা শুরু হয়েছে মেঘের। কলকাতার বিভিন্ন সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে।
বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, শুক্রবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। তবে রবি এবং সোমবার কলকাতায় বৃষ্টি হতে পারে।কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিগত কয়েকদিন তাপপ্রবাহ ও প্রবল গরমে কাহিল অবস্থা ছিল বঙ্গবাসীর, কলকাতাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। এই অসহনীয় গরম থেকে রেহাই পেতে আপাতত বৃষ্টির অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে শুক্রবারই স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। উল্লেখ্য, উত্তরের জেলাগুলিতেও রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সূত্রে খবর, পূর্ব উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটি বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারনে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে।
