
ঠাকুরপুকুর, ৮ এপ্রিল : থানায় ডিউটিতে যাওয়ার পথে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। শনিবার সকালে লরির ধাক্কায় মারা যান তিনি। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শিশির মণ্ডল। বেহালা চৌরাস্তায় কর্মরত ছিলেন শিশির। শনিবার সকালে ঠাকুরপুকুর থানার দিকে মোটরবাইকে চেপে রওনা হন ওই কনস্টেবল।
স্থানীয় সূত্রে খবর, ঠাকুরপুকুর থানার সামনেই একটি বালিবোঝাই লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। শিশির বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন। মাথায় আঘাত লাগে তাঁর। তড়িঘড়ি উদ্ধার করা হয়েছিল শিশিররকে। তাঁকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরিটি আটক করেছে পুলিশ, তবে চালক ও খালাসি পলাতক।
