kolkata

3 years ago

SSC Scam : হাই কোর্টে গেলেন মন্ত্রীকন্যার জায়গায় চাকরি পাওয়া ববিতা

Babita sarkar
Babita sarkar

 

কলকাতা, ২ জানুয়ারিঃ  নিয়োগ-মামলায় দীর্ঘ লড়াইয়ের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি ববিতা সরকার পেয়েছিলেন। সেই চাকরির ‘বৈধতা’ নিয়েই প্রশ্ন ওঠায় তিনি নিজেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন।

বিচারপতি নির্দেশ দেন, ববিতার আবেদনের ভিত্তিতে এই মামলায় এসএসসি-কে যুক্ত করতে হবে। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি। এ প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘স্কুল সার্ভিস কমিশনের ভুল তথ্যের কারণে কারও চাকরি হয়ে থাকলে সমাজের কাছে তা আরও খারাপ।’’

সম্প্রতি অভিযোগ উঠেছে, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতকস্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। যার ফলে তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’ বেড়ে গিয়েছে। এ নিয়ে জটিলতা তৈরি হওয়ার পরেই ববিতা জানান, তিনি নিজে বিষয়টি উচ্চ আদালতের নজরে আনবেন। সেই মতোই সোমবার হাই কোর্টে গেলেন স্কুলশিক্ষিকা। আদালত সূত্রে খবর, তাঁর আবেদন গ্রহণও করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি এসএসসি-র কাছে জমা দেওয়া ববিতার আবেদনপত্রের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, স্নাতক স্তরে ৮০০ নম্বরের মধ্যে ৪৪০ নম্বর পেয়েছেন ববিতা। অর্থাৎ, শতকরা হিসাবে ৫৫ শতাংশ। অভিযোগ, ‘ভুল’ সেখানেই! স্নাতকস্তরের প্রাপ্ত নম্বরের শতকরা হিসাব ৬০ শতাংশ বা তার বেশি উল্লেখ করা হয়েছে আবেদনপত্রে। যে কারণে ববিতার ‘অ্যাকাডেমিক স্কোর’ গণনায় ভুল হয়েছে।

নিয়োগের দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, এই অভিযোগ যদি সত্যি হয়, সে ক্ষেত্রে ববিতার ‘অ্যাকাডেমিক স্কোর’ ৩৩-এর বদলে কমে ৩১ হবে। এতে র‌্যাঙ্কিংয়েও অনেকটাই পিছিয়ে পড়বেন ববিতা! প্রসঙ্গত, চাকরিপ্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকস্তর-সহ সব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা (এডুকেশনাল কোয়ালিফিকেশন)-র উপর কিছু নম্বর ধার্য করা হয়। যাকে ‘অ্যাকাডেমিক স্কোর’ বলা হয়।


You might also like!