
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেখতে দেখতে পার্থ-অর্পিতার গ্রেপ্তারির এক বছর পূর্ণ হয়েছে রবিবার। দিনের পর শুনানি চললেও জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাতে রীতিমতো বিরক্ত পার্থ চট্টোপাধ্যায়।সোমবার বন্দিদশা নিয়ে আবার ক্ষোভপ্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এক বছর বিনা বিচারে আছি। আমায় জোর করে আটকে রাখা হয়েছে।’’ক্ষোভের সুরে তিনি বলেন, ‘‘এক বছর বিনা বিচারে আছি। বন্দিমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করবেন। তাঁরা মুখ খুলছেন না।’’
শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৩ জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয় পার্থকে। তার পর তদন্ত যত এগিয়েছে, ততই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে পার্থের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। গ্রেফতারের পর মন্ত্রিত্ব খুইয়েছেন পার্থ। পাশাপাশি তৃণমূল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সব কিছু হারিয়ে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন তিনি।
সোমবার পার্থকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হবে। আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পার্থ। গ্রেফতারির এক বছর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বন্দিমুক্তি আন্দোলনকারীদের কথা বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ক্ষোভের সুরে তিনি বলেন, ‘‘এটা সুজাত ভদ্রদের জিজ্ঞাসা করুন। বন্দিমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করবেন। এক বছর বিনা বিচারে আছি। আজ তাঁরা মুখ খুলছেন না।’’ এর পাল্টা মানবাধিকার কর্মী সুজাত ভদ্র বলেছেন, ‘‘উনি (পার্থ) রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বন্দি নন।’’এর আগেও বন্দিমুক্তি আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন পার্থ। সে বার বলেছিলেন, ‘‘যাঁরা বন্দিমুক্তি আন্দোলন করেন, তাঁদের আমি খুঁজে বেড়াচ্ছি। তাঁরা কোথায়?’’
সম্প্রতি রাজভবন সূত্রে জানা গিয়েছে, পার্থের বিরুদ্ধে সিবিআইয়ের মামলায় বিচার (প্রসিকিউশন) শুরু করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী এ-ও বলেন, ‘‘আমি এটুকু বুঝেছি যে, শুধুমাত্র আমাকে জোর করে আটকে রাখা হয়েছে।’’ বৃহত্তম ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে পার্থের মন্তব্য, ‘‘ কে কী বলল আসে যায় না।’’
