
কলকাতা, ২১ ডিসেম্বর : বিকট শব্দে বরাহনগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ি। মঙ্গলবার রাতে ওই ঘটনায় বাড়ির একমাত্র বাসিন্দা ৬০ বছরের এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। বাড়িটি বহু পুরনো। ওই প্রৌঢ়াই ছিলেন বাড়ির একমাত্র বাসিন্দা। এই ঘটনায় পুলিশের কাছে অন্তর্ঘাতের অভিযোগ দায়ের করেছেন প্রৌঢ়ার মেয়ে।
মঙ্গলবার রাতের দিকে ঘটনাটি ঘটে বরাহনগরের টিএন চ্যাটার্জি স্ট্রিটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে আচমকাই বিকট বিস্ফোরণের মতো শব্দ পেয়ে চমকে ওঠেন তাঁরা। তার পরই বাইরে এসে দেখতে পান ভেঙে পড়া বাড়িটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দের সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে তাঁদের বাড়িও। বেশ কয়েকটি বাড়ির জানলার কাচও ভেঙে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ভেঙে পড়া বাড়ির বাসিন্দা ওই প্রৌঢ়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।
