
কলকাতা, ২০ জানুয়ারি : জলের পাইপ লাইন মেরামত এবং বুস্টার পাম্পিং স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজের কারণে আগামীকাল শনিবার কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা। শুক্রবার গার্ডেনরিচ পরিশোধন প্রকল্পের জল সরবরাহ বন্ধ থাকবে বলে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে। কলকাতার বহু মানুষ পুরসভার জলের উপরে নির্ভরশীল। ফলে গোটা দিন জল বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন মানুষ। সেই কারণে আগেভাগেই পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
আগামীকাল সকাল ১০টার পর থেকে গার্ডেনরিচ প্রকল্পে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার রাত পর্যন্ত জল পাবেন না। পুরসভার তরফে জানানো হয়েছে, বুস্টার পাম্পিং স্টেশনের রক্ষাবেক্ষণ এবং পাইপ লাইনের মেরামতির কাজের জন্য জল বন্ধ রাখা হবে। এর ফলে দক্ষিণ কলকাতার একটি বড় অংশে আগামীকাল পুরসভার জল পৌঁঁছবে না। রবিবার সকাল ৬টা থেকে পুনরায় জল সরবরাহ করা হবে। পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই কাজের জন্য প্রচুর সংখ্যক কর্মী মোতায়েন করা হবে।
