
কলকাতা, ২ এপ্রিল : রবিবাসরীয় সকালে মেট্রো বিভ্রাট। একঘন্টার বেশী বন্ধ থাকল দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত লাইনের পরিষেবা। চূড়ান্ত দুর্ভোগের শিকার হন যাত্রীরা। অভিযোগ, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরেই এই সমস্যা দেখা দেয়। উইকএন্ডে এই দুর্ভোগের জেরে ক্ষুব্ধ যাত্রীরা।
একে রবিবার দু’টি মেট্রোর মাঝে সময়ের ব্যবধান প্রায় ২০ মিনিট। তার উপর মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় বিপাকে যাত্রীরা। মেট্রো সূত্রে খবর, এদিন সকাল ১০টা ৪২ মিনিট নাগাদ মেট্রোটি শ্যামবাজার থেকে শোভাবাজার ঢোকার সময় বিকট শব্দ শুনতে পান চালক। তৎক্ষনাৎ কন্ট্রোল ইউনিটে খবর দেন চালক। তারপরই দমদম থেকে কবি সুভাষগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
কলকাতা মেট্রোর রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছে, সকাল ১০টা বেজে ৪২ মিনিট থেকে পরিষেবা বন্ধ হয়। শোভাবাজার এবং শ্যামবাজার মেট্রো স্টেশনের মাঝে একটি অস্বাভাবিক শব্দ শোনা যায়। আপ লাইনের মোটরম্যান এই বিষয়টি প্রত্যক্ষ করার পরই সঙ্গে সঙ্গে রিপোর্ট করেন। কোনওরকম ঝুঁকি না নিয়ে পরিষেবা বন্ধ করা হয়। মেট্রোর ট্র্যাক পরীক্ষা করে দেখার জন্য নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়। আর এর জেরেই প্রায় এক ঘণ্টা ধরে বেশ কয়েকটি স্টেশনে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রো চলাচল বন্ধ থাকে দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত। আপ এবং ডাউন লাইনে যাত্রীরা দুর্ভোগের শিকার হন। যদিও দক্ষিণেশ্বর থেকে দমদম এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে পরিষেবা চালু ছিল। এরপর সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ আবার পরিষেবা স্বাভাবিক হয় ।
কী ঘটেছিল, কীসের আওয়াজ শোনা গিয়েছিল, তা জানতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ।
