
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহুতলে লিফট ছিঁড়ে পড়ল যুবকের ঘাড়ে। পার্ক স্ট্রিটের ওই বহুতলে লিফ্ট মেরামতির কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা তিন নম্বর লিফ্টটি উপরে উঠে যায়। কেন তা উপরের দিকে উঠল, উঁকি মেরে তা দেখতে যান লিফ্টের অপারেটর। আর ঠিক সেই সময়েই লিফ্টটি ছিঁড়ে যায়। হুড়মুড়িয়ে তা ঐ যুবকের ঘাড়ে এসে পড়ে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ওই বহুতল থেকে লিফ্ট সরিয়ে যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে দমকলও। প্রায় ঘণ্টাখানেক অতিক্রান্ত হলেও যুবককে উদ্ধার করা যায়নি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিফ্ট অপারেটরের নাম রহিম খান। তিনি একবালপুরের বাসিন্দা।
পার্ক স্ট্রিটের ঐ বহুতলে মোট চার টি লিফট, তৃতীয় লিফ্টটিতে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, লিফ্টের উপরে কাজ চলছিল। লিফ্ট চলাচল ঠিক ভাবে হচ্ছে কি না, তা নীচে দাঁড়িয়ে উঁকি মেরে দেখছিলেন রহিম। আচমকা লিফ্টটি তাঁর মাথার উপরে ছিঁড়ে পড়ে।
লিফ্ট সংক্রান্ত কোনও না কোনও সমস্যা লেগেই থাকে পার্ক স্ট্রিটের ওই বহুতলে। এর আগে লিফ্ট মাঝপথে আটকে যাওয়ার ঘটনা একাধিক বার প্রকাশ্যে এসেছে। এ বার লিফ্ট ছিঁড়ে যুবকের ঘাড়ে পড়ল।
