
দক্ষিণ ২৪ পরগণা, ৩ জানুয়ারি : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সাগরদ্বীপে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে জোরকদমে চলছে প্রস্তুতি। বিভিন্ন দফতরের মন্ত্রীরা একাধিকবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছেন।
প্রস্তুতি দেখতে মঙ্গলবারই কলকাতা থেকে সাংবাদিকদের তথ্য ও সংষ্কৃতি দফতরের তরফে নিয়ে যাওয়া হয় সাগরদ্বীপে। মেলার কাজে যুক্ত সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী আসার জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। হেলিকপ্টার ওঠানামার মহড়াও হয়েছে। সব মিলিয়ে আগামিকাল, ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে সাগর জমজমাট।
মমতার আসার খবরে সাগরকে পুরোপুরি নতুন রঙে সাজিয়ে তোলা হয়েছে। রাস্তায় রাস্তায় তৈরি করা হয়েছে তোরণ। নতুন পিচের প্রলেপ পড়েছে বহু জায়গাতেই। মেলা প্রাঙ্গণে এখন বাঁশের খাঁচা গড়ে তোলার কাজ চলছে। হোগলা পাতার তাঁবু গড়ে তোলা হবে পুণ্যার্থীদের জন্য। পৌষ সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে কয়েক লক্ষ পুণ্য সঞ্চয়ের আশায় ডুব দেবেন সাগর তীরে।
