
কলকাতা, ৭ ডিসেম্বর : সপ্তাহের শুরুতেই আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাড়ছে হাওয়ার হিমেল স্পর্শ। কিন্তু এমন আরামদায়ক আবহাওয়াতেও স্বস্তি দিচ্ছে না নিম্নচাপ। উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীতের অপেক্ষায় থাকা রাজ্যবাসীকে আপাতত শীত শীত ভাবেই শান্ত থাকতে হচ্ছে। অন্যদিকে, বছর শেষে নয়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে মেঘলা ভাব থাকলেও আপাতত আগামী দুই-তিনদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। অর্থাৎ হাওয়ার হিমেল স্পর্শেই শীতের হালকা অনুভূতি মিলবে। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরনোর আগে এখনই বাংলায় জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের কারণে ৯ তারিখের পর বাড়তে পারে তাপমাত্রা।
মঙ্গলবার রাতের পর কলকাতায় সামান্য নামল পারদ। ভোরবেলা ও রাতের দিতে শীতের আমেজ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে তিলোত্তমায়। শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। কমবে শীতের আমেজ। আজ পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ থেকে কমে ১৬.৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি থেকে সামান্য কমে ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ।
