kolkata

3 years ago

Lalbazarl Special Activities about cyber fraud: ব্যাঙ্ক, সাইবার জালিয়াতি রুখতে সচেতনতার মাত্রা বাড়াবে লালবাজার

Lalbazarl  Head Quater of Kolkata Police (File Picture)
Lalbazarl Head Quater of Kolkata Police (File Picture)

 

কলকাতা, ১৯ মে  : কখনও ফোন করে চেয়ে নেওয়া হচ্ছে ব‌্যাংকের তথ‌্য। আবার কখনও বা সুকৌশলে মেল পাঠিয়ে অথবা হোয়াটসঅ‌্যাপে মেসেজ বা লিঙ্ক পাঠিয়ে ব্যাঙ্ক অ‌্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এ ছাড়াও রয়েছে সেক্সটরশন চক্র, যারা অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল‌্যাকমেল করছে।

আধুনিক জালিয়াতদের পাল্লায় পড়ে ঘুম উড়েছে আমজনতার একটা বড় অংশের। লালবাজারের গোয়েন্দারাও রীতিমত নাকাল। তদন্তে ভাড়া বা ‘মিউল অ‌্যাকাউন্ট’-এর মালিকদের সন্ধান পেয়ে তাদের গ্রেফতার করেন। অনেক সময়ই আড়ালে থেকে ফের শুরু করে জালিয়াতি।

এই অবস্থায় সাইবার ও ব্যাঙ্ক জালিয়াতি থেকে শহরবাসীকে রেহাই দিতে এবার টিভি চ‌্যানেলের আদলেই আলোচনা সভার আয়োজন করছেন কলকাতা পুলিশের কর্তারা। লালবাজারের গোয়েন্দা কর্তা ও আধিকারিকদের এই ‘প‌্যানেল ডিসকাশন’-এর শুরুতেই থাকছে জামতাড়া জালিয়াতি। এরপর আরও কয়েকটি বিষয় নিয়ে হবে এই আলোচনা।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন ধরনের সাইবার ও ব‌্যাংক জালিয়াতির ফাঁদ পেতে রেখেছে জালিয়াতরা। দেখা গিয়েছে,তাদের মধ্যে মূলত রয়েছে ঝাড়খণ্ডের জামতাড়া, রাজস্থানের ভরতপুর ও নাইজেরীয়রা।

এর আগে সাইবার ও ব্যাঙ্ক  জালিয়াতি ঠেকাতে সামাজিক মাধ্যমে প্রচার চালিয়েছে লালবাজার। বিভিন্ন স্কুল-কলেজ ও আবাসনে ছাত্রছাত্রী এবং প্রবীণদের মধ্যে পুলিশ প্রচার চালিয়েছে। কিন্তু এরপরও জালিয়াতদের কবলে পড়ে প্রায় সর্বস্ব হারাচ্ছেন বহু শহরবাসী। সেই কারণেই আনকোরা নতুন এক পরিকল্পনা করেছেন পুলিশকর্তারা।

বিভিন্ন ধরনের সাইবার ও ব্যাঙ্ক জালিয়াতি কীভাবে হচ্ছে ও কী কী উপায়ে তা রোধ করা যায়, তা সাধারণ মানুষকে জানাতে লালবাজারের কর্তারা বসাচ্ছেন আলোচনাসভা। টিভিতে যেমন ‘প‌্যানেল ডিসকাশন’-এর অনুষ্ঠান, হয়, একেবারে সেই আদলেই।

প্রস্তাবিত অনুষ্ঠানে সঞ্চালক হবেন কলকাতা পুলিশের এক কর্তা। আলোচনায় থাকবেন চার বা পাঁচজন পুলিশ আধিকারিক। সঞ্চালক তাঁদের কাছ থেকে বিভিন্ন সমস‌্যা ও তার সমাধানের রাস্তা জানবেন। আগামী সপ্তাহ থেকেই ফেসবুক লাইভে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। প্রথম ‘প‌্যানেল ডিসকাশন’-এ জামতাড়ার জালিয়াতরা যে পদ্ধতিগুলির সাহায্যে জালিয়াতি করছে, তা বোঝানো ও তা এড়িয়ে চলার পরামর্শ থাকবে।




You might also like!