
কলকাতা, ৩১ ডিসেম্বর : 'রামকে বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুক।' বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে শনিবার এই ভাষাতেই তোপ দাগেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন কেউ বা কারা। ছুটে এসে পরিস্থিতি সামালানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনেক বোঝানোর পরও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি। মঞ্চের পাশে চেয়ারে বসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগেও কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়।
এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “ভারতে বন্দেমাতরম বলতেও বাধা নেই, জয় শ্রী রাম বলতেও বাধা নেই। আপনি ক্ষেপে যাচ্ছেন, আমাদের রোজ জয়বাংলা বলা হয়, কালো পতাকা দেখানো হয়। আমরা তো ক্ষেপে যাচ্ছি না।” তারই জবাবে শনিবার মুখ খোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। প্রসঙ্গত, ২০২১ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময়ে দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। মঞ্চে বলতে উঠে এর তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। বক্তৃতা না দিয়েই পোডিয়াম থেকে নেমে যান মুখ্যমন্ত্রী।
