
কলকাতা, ২ জানুয়ারি : দীর্ঘ অপেক্ষার পর নতুন বছরে নতুন উপহার পেয়েছে বেহালাবাসী। সোমবার থেকে চালু হয়েছে জোকা থেকে তারাতলা মেট্রো রুট। মেট্রো চালু হওয়ায় বেহালাবাসীর যাতায়াতে সুবিধা হল, প্রথম দিন যাত্রীদের প্রতিক্রিয়া এমনই। যাত্রীদের মতে, বেহালার রূপই বদলে গিয়েছে, আরও গতিময় হয়ে উঠেছে নতুন মেট্রো রুট চালু হওয়ায়। সোমবার সকাল ১০টায় জোকা থেকে প্রথম মেট্রোটি ছাড়ে। এদিন প্রথম মেট্রো ছাড়ার আগে যাত্রীরা বেশ উৎসাহী ছিলেন। প্রথম মেট্রো রওনা দেয় তারাতলার অভিমুখে।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মেট্রো উদ্বোধনের কথা ছিল। কিন্তু তাঁর মাতৃবিয়োগের কারণে তিনি ভার্চুয়ালি এই মেট্রো রেলের উদ্বোধন করেন। আপাতত ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে আরও বেশ কয়েকটি মেট্রো রেক চলে আসবে। যার ফলে মেট্রো চলাচলে সমস্যা হবে না। আগামীতে এই মেট্রোই হয় উঠবে জোকা-বেহালার প্রাণপথ। আপাতত একটি এসি মেট্রো রেক দিয়েই যাত্রী পরিষেবা চালানো শুরু হয়েছে জোকা থেকে তারাতলা মেট্রো রুটে। রেক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে জোকা ডিপোতে। জোকা শেড অনেকটাই প্রস্তুত হয়ে গিয়েছে। মেট্রো চলাচল করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
