
আলিপুরদুয়ার, ১৯ জানুয়ারি : কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রাপ্য আদায় করতে দিল্লিতে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর হুমকি নয়। কেন্দ্র টাকা না দিলে নিজের মতো করে বুঝে নেওয়ার কথা বললেন মমতা।
বৃহস্পতিবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী তিনটি জেলার উপভোক্তাদের হাতে সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন তিনি। কেন্দ্রের কাছ থেকে বকেয়া ভিক্ষা চাইবেন না বলে আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠের সভা থেকে সাফ জানালেন তিনি।
এদিন আলিপুরদুয়ারে একটি সরকারি অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারকে একহাতে নিয়ে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই কেন্দ্রে বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিকসভা থেকে তিনি হরেক অভিযোগ করেন। বলেন— * অনেকে বলেন উত্তরবঙ্গ কিছু পায় না।
* সবাই কুৎসা ও অপপ্রচার করে রাজনীতি করেন।
* কেন্দ্র রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছে।
* রাজ্য সরকার ট্যাক্স কালেকশন করে না, কেন্দ্রীয় সরকার করে।
* রাজ্যের ট্যাক্সের ৬০ শতাংশ টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না।
* এবার তো নকুলদানা কিনতেও ট্যাক্স লাগবে।
* ১১ লক্ষ আবাস যোজনার বাড়ি করিয়েছি, সেই টাকাও দেয়নি।
* নদী ভাঙনের টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না
* ১০০ দিনের কাজেও টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।
* ৪০ লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি আমরা।
* ওবিসিদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।
* ভোটের সময় ওবিসিদের থেকে ভোট চাইবে না
* বন্যা হলেও কেন্দ্র টাকা দেয় না।
* ভোটের আগে বলেছিল চা বাগানগুলি খোলার প্রতিশ্রুতি দিয়েছিল।
* আমরা ভোটের আগে যা বলি, তা করে দেখাই।
* ভিক্ষে চাই না কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা দিতে হবে।
* কথায় কথায় আদালতে মামলা করছে।
* রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পেলে আপত্তি কেন?
* চাকরি দিতে গেলেই মামলা করে আটকে দিচ্ছে।
* ওবিসিদের মেধাশ্রী স্কলারশিপ দেবে রাজ্য সরকার।
* উত্তরবঙ্গে ওঁরা একটা ট্রেন দিয়েছে, আমি ৪০০টা ট্রেন দিয়েছি।
তবে কেন্দ্র টাকা না দিলেও, তিনি ভিক্ষে চাইবেন না বলে জানান মমতা। তাঁর কথায়, "আমি দেখতে চাই এটা কতদিন চলে। আমি ভিক্ষে চাইব না। ভিক্ষে করার লোক নই আমি। ভিক্ষে করতে হলে মানুষের কাছে চাইব। আমার মা, বোন, কৃষক, শ্রমিক, ছাত্র, যৌবনের কাছে চাইব ওদের কাছে নয়। নিজেদেরটা বুঝে নেব আমরা। এর পরও যদি কেন্দ্র না দেয়, আমরা আমাদেরটা বুঝে নেব, কী করে বুঝতে হয়, দেখে নেব। আমরা লড়াই করে দেখিয়ে দেব। মানুষের জন্য লড়াই আমরা করতে পারি। ভিক্ষে চাইব না।"
