
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবারের সভা জুড়ে যে অনিশ্চয়তার কালো মেঘ ঘনীভূত হয়েছিল তা কাটল হাইকোর্টের নির্দেশে। অবশেষে শর্তসাপেক্ষে ধর্মতলার শহিদ মিনারে সভা করার অনুমতি পেলেন অভিষেক ব্যানার্জী। উল্লেখ্য, সভার বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশ। তাঁদের প্রশ্ন ছিল, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল? মঙ্গলবার দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়।
বিচারপতি অভিষেকের সভা আটকাননি। তবে সভা করতে গেলে বেশ কিছু শর্ত পূরন করার আদেশ দিয়েছেন বিচারপতি মান্থা।কী কী শর্ত নির্দিষ্ট করা হয়েছে অভিষেকের সভার জন্য? বিচারপতির নির্দেশ—
*সভা এলাকার প্রবেশদ্বার এবং বাহিরদ্বার-সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলতে হবে। করতে হবে ভিডিয়োগ্রাফি।
*সভায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। যেখানে ডিএ আন্দোলনকারীদের অবস্থান, সেই এলাকায় দ্বিস্তরীয় ব্যারিকেড থাকবে। বাঁশের পাশাপাশি টিন দিয়ে ব্যারিকেড করতে হবে। আন্দোলনকারীদের যাতে কেউ বিরক্ত না করে, তা নিশ্চিত করতে হবে।
*অভিষেকের ওই সভা থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না।
*শান্তিপূর্ণ ভাবে গোটা কর্মসূচি পালন করতে হবে। সব পক্ষকেই শান্তি বজায় রাখতে হবে।
*সভা হয়ে গেলে ব্যারিকেড খুলে ফেলতে হবে। সভাস্থল পরিষ্কার করে দিতে হবে।
শুনানি চলাকালীন বিচারপতির মন্তব্য, ‘‘আদালত প্রত্যাশা করে তৃণমূল ছাত্র-যুবর তরফে কোনও রকম অশান্তিতে উস্কানি দেওয়া হবে না। যদি তা করা হয়, তা হলে তার ফল ভাল হবে না।’’
পাশাপাশি কলকাতা পুলিশের উদ্দেশে বিচারপতি মান্থার বক্তব্য, ‘‘ভবিষ্যতে যাতে এই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, পুলিশ কমিশনারকে সে দিকে নজর রাখতে হবে। একই জায়গায় দু’টি কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না। শহরে আরও অনেক জায়গা রয়েছে। সামলাতে পারলে রেড রোডে অনুমতি দিয়ে দিন। তাতে তো আরও প্রচার পাবে।’’
এ প্রসঙ্গে রাজ্যের বক্তব্য, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণ করবে। বিচারপতি মান্থা রাজ্যের বক্তব্যের পর জানতে চান, শহরের অন্য কোথাও কি সভা করা যায় না? কেন একই স্থানে দু’টি কর্মসূচির অনুমতি দিয়ে সমস্যাকে আমন্ত্রণ জানানো হবে?
আইনজীবী বিকাশরঞ্জন বলেন, ‘‘পরিকল্পনামাফিক সভার জন্য ওই স্থান নির্বাচন করা হয়েছে।’’ আন্দোলনকারীদের তুলে দেওয়ার জন্যই ওই জায়গায় সভার অনুমতি দেওয়া হয়েছে।
