
কলকাতা, ২৮ জুন : মাঝ আষাঢ়ে বৃষ্টির দাপট কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। একইসঙ্গে মেঘের ঘনঘটা ও পারদের পতন, স্বস্তির আমেজ সর্বত্রই। কলকাতা ও সন্নিহিত হাওড়া ও দুই ২৪ পরগনায় রাতভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই কলকাতার বহু জায়গায় জল জমেছে। সোমবার ভোররাত রাত দু'টো থেকে সকাল ৬টা পর্যন্ত, ৪ ঘণ্টায় গড়িয়ার কামডহরি এলাকায় বৃষ্টি হয়েছে ১১১ মিলিমিটার। বালিগঞ্জে ৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার। ভোররাত দু'টো থেকে সকাল ৬টা পর্যন্ত ধাপায় বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার। তপসিয়ায় বৃষ্টি হয়েছে ৩৭ মিলিমিটার। উল্টোডাঙায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার। মোমিনপুরে ভোররাত থেকে ভোর পর্যন্ত ৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার। একই পরিমাণ বৃষ্টি হয়েছে মানিকতলাতেও। ঠনঠনিয়ায় বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার। দত্তবাগানে বৃষ্টি হয়েছে সাড়ে ১৮ মিলিমিটার।
ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামেনি সোমবার সকালেও, কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও। আবার ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেও।
