
কলকাতা, ১১ জানুয়ারি : বারাণসীর ধাঁচে কলকাতায় হবে গঙ্গা আরতি। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথিতেই বাবুঘাটে শুরু হবে প্রস্তুতি। সবরকম প্রস্তুতি সম্পূর্ণ হলে তবেই শুরু হবে গঙ্গারতি। বুধবার আউট্রাম ঘাটে দাঁড়িয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার আউট্রাম ঘাটে ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার আগে গঙ্গার ঘাট পরিদর্শন করেন তিনি। ঠিক কোথায় গঙ্গা আরতি করা যায়, তা সরেজমিনে খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। এদিনের মঞ্চ থেকে মমতা জানান, বারাণসীর ধাঁচে কলকাতার গঙ্গার ঘাটে আরতি করা হবে। যেহেতু বারাণসীর মতো ঘাট নেই। তাই আপাতত চৌকির উপর ব্যারিকেড করে গঙ্গা আরতির বন্দোবস্ত করা হবে। পরিকল্পনা না করে আগুন বা জলের কোনও কাজ করা সম্ভব নয়। তাই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথিতেই শুরু হবে গঙ্গা আরতির প্রস্তুতি। সবরকম প্রস্তুতি সম্পূর্ণ হলে তারপরই করা হবে গঙ্গা আরতি। আলো দিয়ে সাজানো হবে গঙ্গার ঘাট। প্রশিক্ষিতরা করবেন গঙ্গা আরতি। দর্শক হিসাবে অংশ নিতে পারবেন সকলেই। ভবিষ্যতে বেলুড় ও দক্ষিণেশ্বরেও গঙ্গা আরতি হোক, তা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
