
কলকাতা, ৫ সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল ছাড়তে হবে। এই নিয়ে পদক্ষেপ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল। মঙ্গলবার এমনটাই জানালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাই কোর্ট জানিয়েছে, কর্তৃপক্ষকে হস্টেলের প্রতিটি রুমে গিয়ে গিয়ে বলতে হবে ঘরখালি করার বিষয়ে। ছাত্রদের জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করার কথা।
যাদবপুরে নবাগত পড়ুয়ার সাম্প্রতিক রহস্যমৃত্যুর তদন্তে নেমে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কেন প্রাক্তনীরা থাকছেন, এই নিয়ে প্রশ্ন উঠেছিল।
