
কলকাতা, ১৫ জুন : কলকাতা বিমানবন্দরে বুধবার রাতে সিকিউরিটি চেকিংয়ের কাছেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বৃহস্পতিবার ওই স্থান ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি মেরামতির কাজও শুরু হয়েছে। সূত্রের খবর, আগুন লাগার তদন্তে আসতে চলছে ফরেন্সিক দল।
এদিন সকাল থেকেই সিকিউরিটি চেকিংয়ের কাউন্টার বন্ধ রাখা হয়েছে। ব্যবহার করা হচ্ছে অন্য কাউন্টার। পাশাপাশি যাত্রী সুরক্ষা ও তাঁদের যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় সেই ব্যবস্থা করা হয়েছে।
সূত্রের খবর, আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলে আসতে চলেছ দিল্লির ডিজিসিএ-র বা নিয়ামক দল। একই সঙ্গে এলাকা পরিদর্শনে আসতে পারেন উচ্চ-পদস্থ ইঞ্জিনিয়ররা। প্রসঙ্গত, বিমানবন্দরের তিন নম্বর প্রস্থান গেটের কাছে বুধবার রাত ৯টার কিছু পরে হঠাৎ আগুন ধরে যায়। নিমেষে গোটা বিমানবন্দর চত্বর সাদা ধোঁয়ায় ঢেকে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। মোট চারটি ইঞ্জিন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। শেষে ঘণ্টাখানেকের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বিমান চলাচলও স্বাভাবিক হয়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ টুইটারে ঘটনাটি জানিয়েছে এবং কোনও যাত্রীর কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করা হয়েছে। বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও টুইট করে এই ঘটনায় সমস্ত যাত্রীদের নিরাপত্তার কথা জানিয়েছেন।
