
কলকাতা, ১৩ এপ্রিল : দক্ষিণ কলকাতার তিলজলায় প্রিন্টিং কারখানায় আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। আরেক ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তপসিয়া রোডের ওই কারখানায় জুতোতে প্রিন্টিংয়ের কাজ হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাজের জন্য বুধবার রাতে কারখানাতেই ছিলেন বাবা ও দুই ছেলে। বৃহস্পতিবার সকালে ওই কারখানায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আগুন নেভাতে আসে দমকলের ৪টি ইঞ্জিন। দমকলের ৪টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছিল, আগুনে মৃত্যু হয় বাবা ও ছেলের। দমকল কর্মীরা দেরিতে আসেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
