
কলকাতা, ৩ জানুয়ারি : মহেশতলায় একটি বাড়িতে সোমবার গভীর রাতে আগুন লাগে। মঙ্গলবার দমকল আধিকারিকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মধ্যরাতের পর ২৬ নম্বর ওয়ার্ডের হায়াতপুর পালপাদা এলাকার একটি বাড়িতে আগুন লাগে। আগুনে ঘরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাড়ির সাতটি ঘর আগুনে পুড়ে যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ও স্থানীয় পুলিশ। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাড়ির বাসিন্দারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসে। যার ফলে কোনোও হতাহতের ঘটনা ঘটনি। বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।
দমকলের স্টেশন অফিসার সুকুমার রায় বলেন, “একটা দোতলা বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা রওনা হই। যেহেতু সরু রাস্তা, গাড়ি ঢোকানো যায়নি। অবশেষে আমাদের গাড়িতে যে পাম্প ছিল, তা বার করে কাজ শুরু করি। গোটা বাড়িটারই চৌহদ্দি জ্বলছিল। এক ধারের আগুন নিয়ন্ত্রণে আনতেই অন্য পাশে ফের আগুন জ্বলে ওঠে। এরপর আরও পাম্প এনে, অন্যদিক দিয়ে ছোট গাড়ি ভিতরে ঢুকিয়ে তবে আগুনটা আটকানো গিয়েছে। পুরনো দিনের বাড়ি। কড়ি বর্গার কাজ। সেগুলো সবই আগুনে ঝলসে গিয়েছে। দোতলার চারটে ঘর, তিনতলার তিনটে ঘর মিলিয়ে মোট সাতটা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’টো সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বাকি আরও ছিল, সেগুলো ওনারা আগেই সরিয়ে নিয়ে গিয়েছেন। তবে কোনও লোক আহত হননি।”
