
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেওড়াতলা মহাশশ্মান নিয়ে সমাজ মাধ্যমে ভুয়ো পোস্ট করায় দু'জন কে নোটিস ধরাল কলকাতা পুলিশ।কে বা কারা পোস্টটি তৈরি করেছে তার খোঁজ করছে লালবাজার।
প্রসঙ্গত, কেওড়াতলা শশ্মানের ছবির উপর ‘আই লাভ কেওড়াতলা মহাশশ্মান’ লেখা একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় কিছু দিন ঘোরাফেরা করছিল। এই পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। শশ্মানে সরকারের এই ধরনের কর্মসূচি নিয়ে তীব্র নিন্দাও করেন অনেকে। ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই পোস্টটি ভুয়ো। কেওড়াতলা শশ্মানে এই ধরনের কোনও কর্মসূচি গ্রহণ করা হয়নি বলেও রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ৮৮ নম্বর ওয়ার্ডে রয়েছে কেওড়াতলা শশ্মান। স্থানীয় কাউন্সিলর মালা রায় নিজেই জানিয়েছেন, শশ্মানে এই ধরনের কোনও কাজ হয়নি। যে ওই পোস্ট করেছে তাকে চিহ্নিত করা গিয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কলকাতা পুরসভার পক্ষ থেকেও টালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ৪৩ ধারায় তথ্য প্রযুক্তি আইনে ১৫৩এ, ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১) ধারায় মামলা করা হয়।
ভুয়ো পোস্টটি যাতে সরিয়ে নেওয়া হয়, তার জন্য লালবাজার ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।যে দু’জনের প্রোফাইল থেকে এই পোস্ট করা হয়েছিল তাদের ই-মেল মারফত নোটিস পাঠানো হয়েছে। চারদিনের মধ্যে হাজিরা দিতে হবে।
