
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : সোম ও মঙ্গলবারের পর বুধবারও কলকাতার তাপমাত্রা নিম্নমুখী, এদিনও স্বাভাবিকের নীচে ছিল কলকাতার তাপমাত্রা। বুধবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তুরে হাওয়ার সৌজন্যেই এই ঠান্ডা অনুভূত হয়েছে, তবে এবার ধীরে ধীরে বিদায় নেবে শীত। এ বছর নতুন করে কনকনে ঠান্ডা পড়ার আর কোনও সম্ভাবনা নেই।
আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। কয়েকটি জেলায় কুয়াশা থাকতে পারে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। চলতি বছর শীতের প্রত্যাবর্তনের আর কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
