
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : একইসঙ্গে রাজ্যে ইডি ও সিবিআইয়ের কিছু শীর্ষ কর্তা এসেছেন। সূত্রের খবর, কলকাতায় এসেছেন সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা অজয় ভাটনগর। এসেছেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্রও।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন দু'জনে। এসএসসি দুর্নীতির তদন্ত কোন পর্যায়ে, তা নিয়ে ইডির আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। যে ৯ জনকে সিবিআই গ্রেফতার করেছে, তাঁদের জেরায় কাদের নাম উঠে এসেছে, তা নিয়ে কথা বলতে পারেন সঞ্জয় মিশ্র।
নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের অগ্রগতি নিয়ে একাধিকবার ইডি ও সিবিআই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে। কখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কখনও বিচারপতি বিশ্বজিৎ বসুর সমালোচনা মুখে পড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অতি সম্প্রতি চন্দন মণ্ডলের গ্রেফতারির পর কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বাগদার রঞ্জনের গ্রেফতারির প্রসঙ্গ ওঠে।
