kolkata

3 years ago

Haldia port : বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে হলদিয়া বন্দরের সঙ্গে রাজ্যের বিরোধ তুঙ্গে

Haldia Port
Haldia Port

 

পূর্ব মেদিনীপুর, ১০ ডিসেম্বর  : হলদিয়ার দুই প্রত্যন্ত গ্রাম বিষ্ণুরাম ও সৌতনপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের লড়াই তুঙ্গে উঠেছে।

গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই আপত্তি জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের তরফে জেলা প্রশাসনকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বন্দর কর্তৃপক্ষ দাবি করেন, ওই গ্রাম দুটি তাঁদের জমিতে। তাই ওখানে কোনওভাবেই রাজ্য সরকার বিদ্যুৎ সংযোগ নিতে পারে না।

এই চিঠির কথা সামনে আসতেই শুক্রবার সকালে গ্রামে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সৌতনপুরে এক জনসভায় কুণাল ঘোষণা করেন, বন্দর কর্তৃপক্ষ যত বাধাই দিক না কেন, দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে এই আশ্বাস দিয়েছেন। গ্রামবাসীদের উদ্দেশ্যে মন্ত্রীর এই বার্তাও পৌঁছে দেন কুণাল।

এর পর স্থানীয় ‘দখলদার’ বাসিন্দারা উজ্জীবিত। অন্যদিকে জমির মালিক বন্দর কর্তৃপক্ষ রীতিমত অসহায়। বিদ্যুৎমন্ত্রী জানিয়ে দিয়েছেন গ্রামবাসীদের রাজ্য সরকার একেবারে ন্যূনতম মূল্যে বিদ্যুৎ সংযোগ দেবে। আর হুঁশিয়ারির সুরে কুণাল বলে এসেছেন, “রাজনীতি করছি না। অনুরোধ, এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না। কিন্তু কেউ যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করে, ফল খারাপ হবে।“ শনিবার সেখানে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।


You might also like!