
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার কেন্দ্রীয় হারে ডিএ, শূন্য পদে নিয়োগের দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দু’টি মিছিল শহিদ মিনারের উদ্দেশ্যে বের হয়। জমায়েতের পর একটি শিয়ালদা থেকে, অন্যটি হাওড়া থেকে ধর্মতলামুখী হয়। দু’টো মিছিলের ফলে অবরুদ্ধ হয় কলকাতার ব্যস্ততম এলাকা ধর্মতলা। যার প্রভাব পড়ে গোটা মধ্য কলকাতা জুড়ে।
উল্লেখ্য, বুধবার ডিএ আন্দোলনকারীদের ‘চোর-ডাকাত’ বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদে এদিন পাল্টা স্লোগান তোলেন আন্দোলনকাকীরা। ‘চোর-চোর’ বলে স্লোগান দেন সরকারী কর্মীরা।
সংগ্রামী যৌথ মঞ্চের সমাবেশে হাজির ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, বিকাশরঞ্জন ভট্টাচার্যরা। আসেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও। বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘আদালত বলেছে ডিএ সরকারি কর্মীদের ন্য়ায্য অধিকার। কোনও অনুদান নয়। আমি নিশ্চিত আপনাদের আন্দোলন সফল হবেই।
অপর দিকে বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আম্বেদকর মূর্তির নীচে বুধবার থেকে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা চলবে এদিন সন্ধ্যা পর্যন্ত। মুখ্যমন্ত্রী দেখতে দলীয় কর্মীদের পাশাপাশি বহু মানুষ ভিড় জমাচ্ছেন।
