
হাওড়া, ১২ জানুয়ারি : বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৬০-তম জন্ম দিবস, একই সাথে ৩৯-তম জাতীয় যুব দিবস। এই উপলক্ষে বেলুড় মঠে প্রতি বছরের মত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন। তাঁরা স্বামীজির মন্দিরে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ প্রদক্ষিণ করে মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মণ্ডপে গিয়ে বসেন।
সকাল দশটা থেকে শুরু হয় নানা অনুষ্ঠান। প্রায় দেড় ঘন্টার এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণের পর উদ্বোধনী সংগীত, প্রস্তাবনা, ধর্মীয় আলোচনা, সংগীত, বিবেকানন্দ সম্বন্ধে নানান বক্তব্য, যোগব্যায়াম প্রদর্শনী ইত্যাদি হয়। পরিশেষে সকলে হাতে হাতে প্রসাদ নিয়ে বাড়ি ফেরেন।
