
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার বিকেলে হাবরা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এস পাম্পের পিছনে রেলবস্তিতে আগুন লাগে। খুব দ্রুত ওই আগুন বস্তির প্রায় ৫০টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘আগুন লেগেছে রেললাইন সংলগ্ন এলাকায়। সেই কারণে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নিবে গেলে রেল চলাচল স্বাভাবিক হবে।’’ আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে প্রাথমিক ভাবে তার চেষ্টা করছে দমকল।
