
কলকাতা, ৩০ অক্টোবর: জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি নিতে না চেয়ে আদালতের নির্দেশ আবার বদলের আবেদন জানাল কম্যান্ড হাসপাতাল। তবে তাদের আর্জি খারিজ হয়ে গিয়েছে। চিকিৎসার প্রয়োজনে তাঁকে কম্যান্ড হাসপাতালেই ভর্তি করতে হবে।
সোমবার কম্যান্ড হাসপাতাল দ্বিতীয় বার ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয়েছে। আদালতে হাসপাতালের তরফের আইনজীবী জানিয়েছেন, তাদের হাসপাতালে এই মুহূর্তে অতিরিক্ত চাপ রয়েছে। অনেক রোগী সেখানে চিকিৎসাধীন। তাই বাড়তি চাপ নেওয়া সম্ভব নয়। একই আবেদন নিয়ে শনিবারেও হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।কিন্তু কম্যান্ডের আবেদন খারিজ করে দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আগের নির্দেশ অনুযায়ী প্রয়োজনে মন্ত্রীকে নিয়ে ওই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে পারবেন তদন্তকারী আধিকারিক।
রেশন বণ্টনে ‘দুর্নীতি’র অভিযোগে শুক্রবার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিচারক ইডিকে নির্দেশ দিয়েছিলেন, জ্যোতিপ্রিয়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলে এবং তদন্তকারী আধিকারিক চাইলে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে কম্যান্ড হাসপাতালে ভর্তি করিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো যেতে পারে। সেই নির্দেশ বদল করার আর্জি জানিয়ে শনিবার আদালতের দ্বারস্থ হন কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
