
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েক দিন রামনবমীর মিছিল ঘিরে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে তার রেশ এখনো কাটেনি, তার মধ্যেই হনুমান জয়ন্তী পালনের প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য জুড়ে। এই উৎসব পালন কে কেন্দ্র করে যাতে অশান্তির পরিবেশ তৈরি না হয়, সে জন্য আগাম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে সতর্ক করেছেন তিনি। তা সত্ত্বেও বৃহস্পতিবারেরহনুমান জয়ন্তীর কর্মসূচিতে কোনও কাটছাঁট করছে না বিশ্ব হিন্দু পরিষদ। বরংনতুন করে তারা রাজ্যের প্রায় ৫০০ জায়গায় প্রার্থনাসভার আয়োজন করতে চলেছে। সেখানে দিনভর ‘হনুমানচালিসা’ পাঠের পরিকল্পনাও রয়েছে।
হনুমান জয়ন্তী কেন্দ্র করে যে ‘অশান্তি’ ছড়ানো হতে পারে বলে অভিযোগ করছে শাসক শিবির। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মুখপাত্র শশী পাঁজা বলেছেন, ‘‘বাংলায় হিংসার রাজনীতি করছে বিজেপি। ১৯ বছরের একটি ছেলেকেও সমাজবিরোধী কাজে যুক্ত করছে ওরা। ছবিতে তাকে বন্দুক হাতে দেখা যাচ্ছে। এটাই ‘ভালচার পলিটিক্স’ (শকুনের রাজনীতি)।’’
উল্লেখ্য, রামনবমী এবং তার পরবর্তী সময়ে রাজ্য জুড়ে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে তার পরও এক দিনেই হনুমান জয়ন্তী পালন শেষ না করে বিষয়টিকে আন্দোলনের চেহারা দিতে পরের বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিনের কর্মসূচি নিয়েছে পরিষদ। বহস্পতিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রোজই কোনও না কোনও কর্মসূচি নিচ্ছে তারা।
