
কলকাতা, ৪ জানুয়ারি : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তবে কল্যাণময়ের জামিনের আর্জি খারিজ করলেও, সিবিআই-এর কাছে হাইকোর্ট জানতে চেয়েছে, ‘‘কত দিন বন্দি রাখবেন? জোরালো যুক্তি না থাকলে এক জনকে কত দিন বন্দি করে রাখতে পারবেন?’’
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কল্যাণময় সিবিআই-এর মামলায় আপাতত জেলে রয়েছেন। বুধবার তাঁর জামিনের আর্জি খারিজ করলেও হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার আবার তারা মামলাটি শুনবে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৫ সেপ্টেম্বর টানা জেরার পরে গ্রেফতার করা হয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময়কে। ২০১০ সাল থেকে টানা প্রায় ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন শিক্ষক নিয়োগের দুর্নীতিতে কল্যাণময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সিবিআই অভিযোগ করে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কল্যাণময় ১১৩ দিন ধরে জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ হয়েছে।
