
ডায়মন্ড হারবার, ১২ জানুয়ারি : ভিনরাজ্য থেকে গঙ্গাসাগর মেলায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম ধরম পাল (৫৮)। তিনি হরিয়ানার বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন নামখানার নারায়ণপুরে তিনি বাসে করে এসে পৌঁছন। বাস থেকে নামার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নামখানা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ কাকদ্বীপের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এবছরই মেলায় প্রথম পুণ্যার্থীর মৃত্যু হল। প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে। ১৪ এবং ১৫ জানুয়ারি পুণ্যস্নান।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার গঙ্গাসাগরে আসা পুন্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, দুর্ভাগ্যবশত কেউ প্রাণ হারালে তাদের জন্য ৫ লক্ষ টাকার বিমা ব্যবস্থা করানো হয়েছে। রয়েছে আরও প্রচুর ব্যবস্থা। ৮ থেকে ১৭ জানুয়ারি চলবে মেলা। ১৪ এবং ১৫ জানুয়ারি পুণ্যস্নান। প্রতিবারের মত এবারও লক্ষাধিক পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় ভিড় জমাবেন বলেই আশা প্রশাসনের। যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে সতর্ক নবান্ন।
