
কলকাতা : কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভের তদন্তে কলকাতায় এলেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা। রবিবার কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা।
রবিবার কলকাতা বিমানবন্দরে ভারতীয় বার কাউন্সিলের যে দুজন প্রতিনিধি নেমেছেন, তাঁরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা এবং দিল্লি হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্যা বন্দনা কৌর গ্রোভার। টিমের বাকি এক সদস্য ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অশোক মেহতা রবিবার সন্ধ্যায় পৌঁছান কলকাতায়। সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা হাইকোর্টে পৌঁছবেন ভারতীয় বার কাউন্সিলের তিন জনের প্রতিনিধিদল। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি, তাঁরা ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিম কথা বলবে রাজ্য বার অ্যাসোসিয়শনের সঙ্গেও।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে ভারতীয় বার কাউন্সিলের প্রতিনিধিরা বলেছেন, ‘যে ভাবে একজন বিচারপতির বিরোধিতা করতে গিয়ে পুরো বিচারপ্রক্রিয়াকে ভেঙে তছনছ করা হয়েছে, তা অন্তত আইনজীবীদের শোভা পায় না।’ এই বিষয়টি নিয়ে ভারতীয় বার কাউন্সিলের কাছে কলকাতা থেকে একটি রিপোর্ট গিয়েছিল। বারের প্রতিনিধিরা জানান, বার এই ধরনের ঘটনা সহ্য করবে না। কলকাতা থেকে ফিরে গিয়ে আগামী ১৭ জানুয়ারি বুধবার বারের কাছে তাঁরা রিপোর্ট পেশ করতে পারেন তাঁরা।
