
আজ, শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকটি অনেকদিন আগেই নির্ধারিত ছিল। কিন্তু, অমিত শাহ র সফরের আগেই রাজ্য বিজেপির কোন্দল তীব্র জায়গায় পৌঁছয়। প্রকাশ্যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের লড়াই অস্বস্তিতে ফেলে দলকে। সে কারণে শুক্রবার রাতে সরকারি সফরে কলকাতায় পৌঁছেই শাহকে রাজ্য বিজেপি নেতাদের নিয়ে বৈঠকে বসতে হয়। মধ্য কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দপ্তরে জরুরি ভিত্তিতে ডাকা বৈঠকের পর শাহ গভীর রাত পর্যন্ত আলাদা আলাদা করে নেতাদের সঙ্গে কথা বলেন বাইপাসের ধারে একটি হোটেলে।
গভীর রাত পর্যন্ত দলীয় কোন্দল জোড়াতালি দিয়ে সামলানোর পর শনিবার বেলা ১১টায় শাহ যাবেন নবান্নে। দুপুর ১টা পর্যন্ত বৈঠক চলবে। এরপর আধঘণ্টা রিজার্ভ রাখা হয়েছে। ওই সময় শাহ মমতার সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন বলেও জল্পনা রয়েছে। আজকের বৈঠকে থাকার কথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও।
