kolkata

2 years ago

Abhishek Banerjee :অভিষেকের মন্তব্য নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিকাশের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ১৭ জুলাই  : কলকাতা হাই কোর্টের বিচারপতির নাম উল্লেখ করে অপমানজনক ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এ নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ একাধিক আইনজীবী।

প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে সোমবার স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আরজি জানান আইনজীবীরা।

বিকাশবাবু বলেন, ‘‘আদালতের গরিমা নিয়ে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এক জন ভদ্রলোক এক জন নির্দিষ্ট বিচারপতির নির্দেশ নিয়ে অভিযোগ করেছেন, হাই কোর্ট সমাজ বিরোধীদের রক্ষাকবচ দিচ্ছে। সমাজবিরোধীরা যাতে অবাধে ঘুরে বেড়াতে পারে সেই ব্যবস্থা করেছে। তাঁর অভিযোগ হাই কোর্টের দিকে। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আমাকে বলেছেন, এই বিষয়টি নিয়ে কিছু করুন। মাফিয়া লিডার সাধারণ মানুষের আস্থা ভঙ্গ করে আদালতকে নিয়ন্ত্রণ করতে পারে না।’’

বিকাশবাবু বলেন, ‘‘আমার আবেদন আদালতের স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টি দেখা উচিত। বিশেষ বেঞ্চ প্রায়ই একই বিষয়ে বিবেচনা করছে। বিশেষ বেঞ্চে এই মামলাটিও পাঠানো হোক। একই ব্যক্তি যুক্ত রয়েছেন।’’

প্রধান বিচারপতি বলেন, ‘‘আপনারা কি মামলা দায়ের করেছেন?’’ বিকাশবাবু বলেন, ‘‘মামলা দায়ের করতে গেলে অ্যাডভোকেট জেনারেলের অনুমতি প্রয়োজন। আমরা চাইছি আদালত স্বতঃপ্রণোদিত ভাবে মামলাটি নিক। আমি সব তথ্য আদালতের সামনে তুলে ধরছি।’’ অন্য এক আইনজীবী বলেন, ‘‘ওই একই ব্যক্তি আগেও আদালত সম্পর্কে মন্তব্য করেছেন। তখন কিছু রাখঢাক ছিল। এখন তা-ও নেই।’’

পঞ্চায়েত ভোটের পর রাজনৈতিক সংঘর্ষে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ১৪ জন জখম তৃণমূল কর্মীকে এসএসকেএমে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার সেখান থেকে বেরোনোর সময় হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অভিষেক বলেন, ‘‘বিচারপতি রাজাশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ দিচ্ছেন।’’ অভিষেক এ-ও বলেন, যদি এই বক্তব্যের জন্য তাঁকে আদালত অবমাননার দায়ে জেলে যেতে হয়, তা হলে তিনি ১০ হাজার বার জেলে যেতেও রাজি! কিন্তু তিনি সত্য বলবেনই।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেওয়ার কারণে এ ভাবেই বিচারপতি মান্থার নাম করে সমালোচনা করেন তিনি। অভিষেকের এই মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অভিষেকের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।


You might also like!