
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নির্ধারিত দিনে আদালতের তলবে হাজির না হওয়ায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন জারি করল বিধাননগর আদালত। ‘ডিজে’ সংক্রান্ত বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্যের মামলায় আগামী ৮ জুলাই, বুধবার তাঁকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই মামলার শুনানি নিয়ে নতুন আইনি জটিলতাও তৈরি হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলাটি থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিজেকে সরিয়ে নিয়েছেন। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর একটি মামলা বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে থাকলেও তিনি বর্তমানে আদালতে বসছেন না। এই পরিস্থিতিতে দ্রুত শুনানির স্বার্থে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিষেকের আইনজীবী চিঠি দিয়ে মামলাটি অন্য কোনও উপযুক্ত বেঞ্চে পাঠানোর আবেদন জানিয়েছেন বলে আদালত সূত্রে খবর।
ভোটের প্রচারে ডিজে বাজানো মন্তব্য নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। থানায় অভিযোগও দায়ের হয়। ওই মন্তব্যের ঘটনায় তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় সিআইডি। বিধাননগর আদালত প্রথমে ৩০ জুন, মঙ্গলবার তাঁকে আদালতে ডেকেছিল। কিন্তু কণ্ঠস্বরের পরীক্ষায় না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ না করে মামলা থেকেই সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে আরও বিপাকে পড়েছেন অভিষেক। বুধবার সেই অস্বস্তি তাঁর আরও কিছুটা বাড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের।
‘ডিজে বাজানোর’ মন্তব্যে ফের তাঁকে তলব করেছে বিধাননগর আদালত। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়লে আগামী ৮ জুলাই বেলা ১০টায় বিধাননগর আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ওই দিনই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। এদিকে এবার এই সংক্রান্ত মামলায় আরও চাপে অভিষেক।
