Breaking News

 

kolkata

2 years ago

Abhishek Banerjee : বিবেকানন্দের বাসভবনে অভিষেক, তাঁর কাছে কী চাইলেন মহারাজ?

Abhishek in Vivekananda's residence (Collected)
Abhishek in Vivekananda's residence (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর বাসভবন সিমলা স্ট্রিটে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল নাগাদ সেখানে যান অভিষেক। সিমলা স্ট্রিটের বিবেকানন্দ বাসভবনের দায়িত্বপ্রাপ্ত মহারাজরা তাঁকে স্বাগত জানান। বর্ষীয়ান মহারাজ অভিষেককে আশীর্বাদ করে বলেন, “তুমি আরও অনেক বড় হও। তোমার থেকে আরও অনেক কিছু চাইব।”

শুক্রবার বিকেলে সিমলা স্ট্রিটে  বিবেকানন্দের সুউচ্চ মূর্তিতে মাল্যদান করে যুগনায়কের প্রতি শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর তিনি বর্ষীয়ান মহারাজকে শাল ও ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান। তাঁকেও পালটা উত্তরীয় পরিয়ে আশীর্বাদ করেন মহারাজ। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পর বেরিয়ে আসেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”সকলকে শুভেচ্ছা। প্রতিবার আমি স্বামীজির বাড়িতে আসি। আগামী দিন যেন সকলের ভালো কাটে। তাঁর মতাদর্শ যেন সকলে মেনে চলেন।”

এর পরই পরোক্ষে বিরোধী দলনেতাকে বিঁধে অভিষেকের মন্তব্য, ”এখানে রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা এখানে অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটু। তবে এখানে সকলের আসার অধিকার আছে।” এদিন সকালেই বিবেকানন্দের বাড়ি গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে ইডির তল্লাশি নিয়ে তিনি মন্তব্য করেন, ”এসব তো হওয়ারই ছিল। সিবিআই আগে থেকে কোনও তথ্য পেলে তবেই ইডিকে তল্লাশিতে পাঠায়। এঁদের সবার কাছেই কোনও না কোনও গোপন ব্যাপার আছে। তাই ইডি অভিযান চালিয়েছে। ব্যাগ গোছান, শীতের পোশাক সঙ্গে নিন।” মনে করা হচ্ছে, ‘রাজনৈতিক কথা বলা অশোভনীয়’ বলার মাধ্যমে আসলে তাঁকেই বার্তা দিলেন তৃণমূল সাংসদ। 

বিবেকানন্দের বাসভবন থেকে বেরিয়ে মহারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেন, ”সামনের ফাঁকা জায়গায় বাগান হোক।” অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখতে স্থানীয় বিধায়ক শশী পাঁজাকে দেখতে বলেন। আশ্বাস দেন, বাগানের কাজ হবে।

অভিষেককে মহারাজ বলেন, “তুমি আরও অনেক বড় হও। তোমার থেকে আরও অনেক কিছু চাইব।” এর পর স্বামীজির বাড়ি থেকে বেরিয়ে পুরনো তৃণমূল ভবনে যান অভিষেক।

You might also like!