কলকাতা, ১০ এপ্রিল : মধ্যরাতে দমদম পার্ক এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি হলেন এক মহিলা-সহ ৪ জন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দু'জনকে। পুলিশ জানিয়েছে, রবিবার রাত দেড়টা নাগাদ লেকটাউন থানার দমদম পার্ক মোড়ে সিগন্যালের লাল আলো দেখে দাঁড়িয়ে পড়ে একটি লরি। সেই সময় পিছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি এসইউভি গাড়ি, লরিটি দাঁড়িয়ে পড়ায় আচমকা ব্রেক কষে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের ওপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও চালক।
দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গাড়িতে থাকা ৫ আরোহীর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও দু’জনের। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় লরির চালক। মৃতদের নাম-পূজা সিং, রোহিত কুমার ও বাবলু কুণ্ডু। অপর মৃতের নাম এখনও জানা যায়নি। তবে প্রত্যেকেই অল্পবয়সী বলে পুলিশ সূত্রে খবর।
