
কিয়েভ-মস্কো, ৬ জানুয়ারি : অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া নির্দেশ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। রুশ অর্থোডক্স গির্জার অনুরোধে রাশিয়ার প্রেসিডেন্ট গতকাল বৃহস্পতিবার তার প্রতিরক্ষা মন্ত্রীকে আজ শুক্রবার থেকে ইউক্রেনের ফ্রন্টলাইনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন । তবে ইউক্রেন সাফ জানিয়ে দিয়েছে, তারা যুদ্ধবিরতিতে যাবে না।
এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, ইউক্রেনের দখল করা ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করে নিলেই কেবল ‘অস্থায়ী যুদ্ধবিরতি সম্ভব। ইউক্রেইন বিদেশি ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে না। নিজেদের ভূখণ্ড দখলকারীদের ধ্বংস করছে।
প্রসঙ্গত, অর্থোডক্স খ্রিস্টানরা ৬ ও ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবে। ইউক্রেইন ও রাশিয়ায় অনেক অর্থোডক্স খ্রিস্টান রয়েছে। ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির যে নির্দেশনা দিয়েছেন, তা শুক্রবার মধ্যদুপুর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ক্রেমলিন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির ঘোষণা এল।
