
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তুরস্কের আকাশে সকালের দিকে এমন অসম্ভব সুন্দর মেঘপুঞ্জকে দেখে সাধারণ মানুষের কৌতুহল যে ওটা কি? UFO(Unidentified Flying Object) - যাকে আমরা 'উড়ন্ত চকি' বলি!
তুরস্কের আকাশে বিরাট গোলাকার মেঘপুঞ্জ ঘুরে বেড়াচ্ছিল লালচে আকাশে। যা একেবারে UFO-র চেহারা। অর্থাৎ এক ঝলকে দেখলে এই মেঘের রাশিকে UFO বলেই ভুল হতে পারে। একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বিরাট মেঘপুঞ্জ প্রায় এক ঘণ্টা আকাশে ছিল। আর সেই সুযোগেই অদ্ভুত এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করে ফেলেন স্থানীয়রা। এই ছবি ভাইরাল হওয়ার পরই একজন লেখেন,"এদিনের সকালটা একেবারে অন্যরকম ছিল। আকাশে মেঘ দিয়ে তৈরি UFO দেখতে পেলাম।”
যদিও তুরস্কের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি UFO-র আকার ধারণ করলেও এটি সাধারণ মেঘের পুঞ্জই। যাকে ইংরাজিতে লেন্টিকুলার ক্লাউড বলা হয়। এই বিশেষ ধরনের মেঘ নানা আকার ধারণ করে। আকাশে ২০০০ থেকে ৫০০০ মিটার উচ্চতায় ভেসে থাকে এই মেঘ। সাধারণত পাহাড়ের দিক থেকে আর্দ্র ঠান্ডা হাওয়া দ্রুত গতিতে ভেসে আসলে এই ধরনের মেঘ তৈরি হয়ে থাকে। এর বৈশিষ্ট্য হচ্ছে, এতে যেহেতু প্রচুর জলীয় বাষ্প থাকে তাই দু'একদিনের মধ্যে এর দ্বারা 'স্থানীয় বৃষ্টি' হওয়ার সম্ভাবনা থাকে।
