International

3 years ago

'প্রধানমন্ত্রী হিসেবে ন্যূনতম ভদ্রতা বজায় রাখা উচিত,' নিজের দেশেই সমালোচনার মুখে শেহবাজ

Shehbaz Sharif
Shehbaz Sharif

 

নয়াদিল্লি, ১০ নভেম্বর : টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডে ভারতের হারের পর এমন টুইট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, যার জন্য নিজের দেশের নাগরিকদের রোসের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী । তাঁর দেশের লোকেদের একাংশই বললেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে ন্যূনতম ভদ্রতা বজায় রাখা উচিত।’

অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। তারপরই বিকেল ৪ টে ৫৭ মিনিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করেন, ‘তাহলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০ (দলের ফাইনাল) হবে।’ সেই টুইটে পাকিস্তান এবং ইংল্যান্ডের জাতীয় পতাকা ব্যবহার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্যাগ ব্যবহার করেছেন। ভারতকে নিয়ে এই টুইটের পর তাঁর নিজের দেশের লোকেদের একাংশই বললেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে ন্যূনতম ভদ্রতা বজায় রাখা উচিত।’

একজন পাকিস্তানি নেটিজেন বলেন, 'হাহাহা, আমাদের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীও কম যাচ্ছেন না।' কেউ কেউ আবার দাবি করতে থাকেন, তাঁদের টুইট 'চুরি' করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 'প্রমাণ' হিসেবে স্ক্রিনশটও পোস্ট করেন। তাঁরা দাবি করেন, ওই ‘১৫২/০ বনাম ১৭০/০ দলের ফাইনাল’ নিয়ে আগেই টুইট করেছিলেন।

তারইমধ্যে প্রধানমন্ত্রীর এইরকম আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন পাকিস্তানি নেটিজেন। তেমনই একজন বলেন, 'প্রধানমন্ত্রী হিসেবে আপনার শালীনতা বজায় রাখা উচিত। এটা আপনার মর্যাদা এবং পদের জন্য সঠিক নয়।' অপর এক পাকিস্তানি নেটিজেন বলেন, 'আপনি যে প্রধানমন্ত্রী আছেন, সেটার জন্য লজ্জা হওয়া উচিত।' সেইসঙ্গে ভারতীয় নেটিজেনরাও তাঁকে পালটা দিতে ছাড়েননি।


You might also like!