International

2 years ago

Kramatorsk:ইউক্রেনের রেস্তোরাঁয় রুশ ক্ষেপণাস্ত্র হামলা

Russian missile attack on restaurant in Ukraine
Russian missile attack on restaurant in Ukraine

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ইউক্রেনের কর্মকর্তারা এমন দাবি করেছেন। ক্রামাতোরস্কের একটি রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে গতকাল মঙ্গলবার হামলাটি হয়। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এ শহরটির অবস্থান রাশিয়ার দখলকৃত এলাকাগুলোর কাছে।

হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, তিনি মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। লোকজনের আর্তনাদ আর কান্নার শব্দ শুনেছেন। সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।ইউক্রেনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীও আছে।

বিস্ফোরণ এলাকার কাছে অবস্থিত কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।বেলজিয়ামের ফ্রিল্যান্স সাংবাদিক আরনুদ দে দেকার বিবিসি নিউজ আওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রিয়া লাউঞ্জ রেস্তোরাঁয় হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি সেখানে ছিলেন।

আরনুদ বলেন, এটি একটি বড় রেস্তোরাঁ। এখনো ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে আছেন। উদ্ধারকারীরা তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন।এ ফ্রিল্যান্স সাংবাদিকের ধারণামতে, হামলার সময় ৮০ জন কর্মী ও গ্রাহক ওই রেস্তোরাঁ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তাঁর আশঙ্কা, নিহত মানুষের সংখ্যা অনেক বেশি হতে পারে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এ হামলার ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে আট মাস বয়সী এক শিশু এবং তিন বিদেশি আছেন।ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। নিরাপত্তা সংস্থাগুলো জরুরি সেবা কাজে সহযোগিতা করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নিচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় ওই এলাকায় অনেক বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন।ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, এটি শহরের প্রাণকেন্দ্র। এখানে মূলত জনসাধারণের খাওয়ার জন্য রেস্তোরাঁগুলো অবস্থিত। এখানে মানুষের অনেক ভিড় থাকে।

You might also like!