
ইসলামাবাদ, ৪ নভেম্বর : বন্দুকধারীর হামলায় আহত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। এরই মধ্যে শুক্রবার পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পিটিআই নেতা আসাদ উমর। ইমরান খানকে গুলির ঘটনায় শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। ইমরান খানের দাবি মেনে না নেওয়ায় জুমার পর এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইসলামাবাদ অভিমুখী লংমার্চে ইমরানকে গুলি করা হয়। এতে ১০ আহত ও একজন নিহত হন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পাকিস্তানের শওকত খানুম হাসপাতালে চিকিৎসাধীন আছে ইমরান খান। তার চিকিৎসক ফয়সাল সুলতান এএফপিকে বলেন, ইমরান খান এখন অবস্থা ভালোর দিকে। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একাধিক নেতা এই হামলার জন্য সরকারকে দায়ী করছে। শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে পিটিআই। পিটিআই মহাসচিব আসাদ উমর শুক্রবার এক টুইটে এই বিক্ষোভের ঘোষণা দেন। তিনি লিখেন, ‘ইমরান খানের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ চলবে।’
আগের দিন এক ভিডিও বক্তব্যে আসাদ উমর বলেছিলেন, হত্যাচেষ্টার নেপথ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রয়েছেন বলে সন্দেহ করছেন ইমরান খান।
দলের নেতা মিয়া আসলাম ইকবালকে পাশে নিয়ে পিটিআই মহাসচিব আরও বলেন, ‘ইমরান খান বলেছেন, তাঁর কাছে আগে থেকেই তথ্য ছিল, এই লোকগুলো তাঁকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকতে পারেন।’ পিটিআই চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ ওই সামরিক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণেরও দাবি জানান আসাদ উমর। অন্যথায় দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
