
কাঠমাণ্ডু, ১০ জানুয়ারি : মঙ্গলবার নেপাল পার্লামেন্টে আস্থা ভোটে জিতলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচন্ড'। নেপালের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ক্ষেত্রে প্রচন্ড প্রথম প্রধানমন্ত্রী যিনি ৯৯ শতাংশ সমর্থন পেয়েছেন।
প্রধানমন্ত্রীর আস্থা ভোটের জন্য আজ নেপালের সংসদে ভোটগ্রহণ হয়। নেপালের ফেডারেল পার্লামেন্টের ২৭৫ সদস্যের নিম্নকক্ষ থেকে প্রচন্ড মোট ২৬৮ ভোট পান। একজনকে বাদ দেওয়া হয়েছে এবং চারজনকে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হয়নি।
২৭৫-সদস্যের প্রতিনিধি পরিষদে এনসি-র ৮৯ জন সদস্য, ইউএমএল(ইউনিফাইড মার্কসবাদী লেনিনবাদী)-এর ৭৯ জন সদস্য রয়েছেন ৷ একইভাবে, সিপিএন (মাওবাদী কেন্দ্র), সিপিএন (ইউনিফায়েড সোশ্যালিস্ট) এবং রাষ্ট্রীয় নির্দল পার্টির যথাক্রমে ৩২, ১০ এবং ২০ সদস্য রয়েছে। সংসদে জনমত পার্টির ৬ জন, লোকতান্ত্রিক সমাজবাদী পার্টির ৪ ও নাগরিক উনমুক্তি পার্টির ৩ জন সদস্য রয়েছে।
প্রসঙ্গত, প্রচন্ড গত মাসে সিপিএন-ইউএমএল (নেপালের কমিউনিস্ট পার্টি- ইউনিফাইড মার্কসবাদী লেনিনবাদী) এবং ২জন নির্দল সদস্যদের নিয়ে অন্য পাঁচটি দলের সাথে আরেকটি জোট গঠন করে একটি গণতান্ত্রিক-কমিউনিস্ট জোট ভেঙে দিয়েছেন।
