Game

3 years ago

India -Bangladesh : শেষ শাকিবদের প্রতিরোধ, প্রথম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানে হারাল ভারত

Team India won the first test match
Team India won the first test match

 

চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর : জয়ের জন্য দরকার ছিল ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলাদেশ যেভাবে লড়াই শুরু করেছিল, তাতে অনেকের ধারণা ছিল বাংলা টাইগারদের শেষ চার উইকেট তুলতে হয়তো টেস্টের শেষদিন বেগ পেতে হবে ভারতকে। কিন্তু তেমন কিছুই হল না। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন অনায়াসেই বাংলাদেশের শেষ চার উইকেট তুলে নিলেন ভারতীয় বোলাররা। কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের দাপটে টিকতে পারল না বাংলাদেশ। ফলে ভারত প্রথম টেস্ট জিতল ১৮৮ রানের বিশাল ব্যবধানে।

রবিবার সকাল থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন বাংলাদেশ অধিনায়ক। লক্ষ্য ছিল কোনওভাবে যদি বাকি ২৪০ রান তুলে অসাধ্যসাধন করা যায়। কিন্তু সেই অসাধ্যসাধনের পথে বাংলাদেশ প্রথম ধাক্কাটা খায় দিনের একেবারে শুরুতেই। দুর্দান্ত ফর্মে থাকা মেহেদি হাসান মিরাজ এদিন মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মহম্মদ সিরাজের শিকার হন তিনি।

মেহেদির উইকেটের পর শাকিব চলে যান টি-টোয়েন্টির মেজাজে। নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজদের সোজা মাঠের বাইরে ফেলা শুরু করে দেন। ঠিক যখন বাংলাদেশ অধিনায়ককে বিপজ্জনক মনে হচ্ছিল, তখনই তাঁর উইকেটটি তুলে নেন কুলদীপ যাদব। শাকিব আউট হন ৮৪ রানে। বাংলাদেশের শেষ দুটি উইকেট তুলতে আর তেমন বেগ পেতে হয়নি ভারতকে। টাইগারদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩২৪ রানে। ভারত জিতে যায় ১৮৮ রানে।


You might also like!